শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় আদালতের রায় ও উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এক সাংবাদিকের জমি দখল এবং সেখানে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবল ও তাঁর পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী সাংবাদিক। প্রতিকার চেয়ে পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও সমাধান পাচ্ছেন না বলে দাবি তাঁর।
ঘটনাটি শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর এলাকার। অভিযুক্ত পুলিশ কনস্টেবলের নাম সাজ্জাদুল ইসলাম মামুন। তিনি রাজবাগান পুলিশ লাইনে কর্মরত। তাঁর বিরুদ্ধে ক্ষমতার প্রভাব খাটিয়ে আদালতের নির্দেশনা অমান্য করে জমি দখল ও স্থাপনা নির্মাণের অভিযোগ তুলেছেন দৈনিক সকালের সময় পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি শামীমুল ইসলাম শামীম। এ ঘটনায় তাঁর দুই ভাই নোমান ও সোহানের সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।

ভুক্তভোগী সাংবাদিকের দাবি, ১৬৯ নম্বর হাটফাজিলপুর মৌজার এসএ ৩০৭৯ ও আরএস ৪৯১০ দাগের মোট ৪৬ শতাংশ জমির মধ্যে ৩১ শতাংশের বৈধ মালিক তিনি। তাঁর বাবা হেবা দলিলের মাধ্যমে জমির মালিকানা তাঁকে দিয়ে যান। জমির রেকর্ড, নামজারি, খাজনার দাখিলা, ডিজিটাল ম্যাপসহ দেওয়ানি ৭০/২০০০ নম্বর মামলার রায় ও ডিক্রিও তাঁর পক্ষে রয়েছে। দীর্ঘদিন ধরে ওই জমিতে বিভিন্ন ফলজ ও বনজ গাছ লাগিয়ে ভোগদখল করে আসছেন তিনি।
শামীমের অভিযোগ, জমিতে যেতে বাধা দেওয়ার পাশাপাশি প্রতিপক্ষ বিভিন্ন সময় তাঁকে হুমকি-ধমকি দিয়ে আসছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে শৈলকুপা থানায় সাধারণ ডায়েরিও করেছেন তিনি।
পুলিশ সুপারের কাছে দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, জমির মালিকানা নিয়ে শামীমের চাচাতো ভাইদের করা দেওয়ানি ৭০/২০০০ নম্বর মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালত তাঁর পক্ষে রায় ও ডিক্রি দেন। ওই রায়ের বিরুদ্ধে প্রতিপক্ষ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আপিল করেন, যা বর্তমানে বিচারাধীন। শামীমের দাবি, আপিল চলাকালে উচ্চ আদালতের স্থগিতাদেশও রয়েছে। এরপরও এসব আইনি প্রক্রিয়া উপেক্ষা করে কনস্টেবল মামুন ও তাঁর দুই ভাই জমিতে প্রবেশ করে প্রায় তিন কোটি টাকা মূল্যের সম্পত্তি দখল এবং পাকা স্থাপনা নির্মাণ শুরু করেছেন।

এ ঘটনায় প্রতিকার চেয়ে ঝিনাইদহের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(গ) ধারায় মামলা করেছেন ভুক্তভোগী। পাশাপাশি পুলিশ সুপার ও শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছেও লিখিত অভিযোগ দিয়েছেন। তাঁর অভিযোগ, প্রতিপক্ষের একজন পুলিশ সদস্য হওয়ায় প্রভাব খাটিয়ে নির্মাণকাজ চালিয়ে যাওয়া হচ্ছে। সম্প্রতি ওই জমিতে ১৪৪ ধারাও জারি করেছেন আদালত বলে দাবি তাঁর।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত কনস্টেবল মামুনের বাবা ফরিদুল ইসলাম ভুঁইয়া আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরিবারের রাজনৈতিক ও প্রভাবশালী পরিচয় নিয়েও স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।
তবে জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন কনস্টেবল মামুনের ভাই নাঈমুল ইসলাম নোমান। তাঁর দাবি, জমি নিয়ে মামলা চললেও সেখানে কোনো নিষেধাজ্ঞা নেই। তাঁরা কারও জমি দখল করছেন না, নিজেদের জমিতেই ভবন নির্মাণ করছেন। চাচা শামীমের সঙ্গে একাধিকবার সমঝোতার চেষ্টা করা হলেও তিনি রাজি হননি।
অভিযোগের বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, সাংবাদিক শামীমুল ইসলামের একটি লিখিত অভিযোগ থানায় এসেছে। জমি জবরদখল ও আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/এসএস





















