শেখ ইমন, ঝিনাইদহ : ক্লে ও ক্রাফটের নিপুণ ছোঁয়ায় শিক্ষার্থীদের হাতে জীবন্ত হয়ে উঠেছে ইসলামের ইতিহাস, ঐতিহ্য ও নানা নিদর্শন। কোথাও পবিত্র কাবা শরিফ, কোথাও মসজিদুল আকসা, আবার কোথাও বায়তুল মুকাদ্দাসের প্রতিরূপ। পাশাপাশি স্থান পেয়েছে ইসলামের শিক্ষা, ধর্মীয় অনুষঙ্গ, বিজ্ঞান ও শিক্ষামূলক নানা বিষয়।
ঝিনাইদহ শহরের আদর্শপাড়ার আল-কলম মডেল মাদরাসায় শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যতিক্রমী এ শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়।

দিনব্যাপী এ আয়োজনে ১৭টি স্টলে শিক্ষার্থীরা প্রদর্শন করে সাড়ে ৩৫০টি শিল্পকর্ম। কাগজ, ক্লে, ফোমসহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি এসব শিল্পকর্মে ফুটে উঠেছে শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা। রঙিন মাটির তৈরি মসজিদ, সুউচ্চ মিনার, গম্বুজ ও বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার প্রতিরূপ দর্শনার্থীদের নজর কাড়ে।
এ ছাড়া মৃত্যুর পর গোসল, কাফন-দাফন ও জানাজার মতো ধর্মীয় বিধিবিধানও তুলে ধরা হয় বিভিন্ন মডেলের মাধ্যমে। পাশাপাশি সৌরজগৎ, বিজ্ঞান ও শিক্ষামূলক নানা বিষয় নিয়ে তৈরি করা হয় আকর্ষণীয় প্রদর্শনী।
শিক্ষার্থীদের হাতে তৈরি এসব শিল্পকর্ম দেখতে মাদরাসায় ভিড় করেন অভিভাবক ও দর্শনার্থীরা। ব্যতিক্রমী এ আয়োজন দেখে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন আগতরা।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের পাশাপাশি ইসলামের ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় শিক্ষা সম্পর্কে বাস্তব ধারণা দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাঠ্যবইয়ের পড়াশোনার পাশাপাশি হাতে-কলমে শেখার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আল-কলম মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মদ সাইদুর রহমান বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং সৃজনশীল কাজে উৎসাহিত করতেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে তারা ইসলামের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার পাশাপাশি বিভিন্ন বিষয়ে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছে।
ঢাকা/এসএস





















