ইবিটাইমস ডেস্ক: সরকারের পদত্যাগ, নির্বাচন বর্জনের দাবি এবং অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অব্যাহত রেখেছে বিএনপি। যুগপৎভাবে বিভিন্ন দল ও জোট এবং পৃথকভাবে জামায়াতে ইসলামীও এই কর্মসূচি পালন করছে। একই দাবিতে চলমান কর্মসূচি ৪ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গত ২১ ডিসেম্বর থেকে এই কর্মসূচি পালিত হচ্ছে। আগামী ৭ জানুয়ারি জনগণকে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন দলটির নেতাকর্মীরা।
এর আগে সোমবার সকালে রাজধানীর কাফরুল এলাকায় লিফলেট বিতরণে নেতৃত্ব দেন রুহুল কবির রিজভী। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপি নেতা নিতাই রায় চৌধুরী ও যুবদল নেতা কামাল আনোয়ার আহমেদের নেতৃত্বে সেগুনবাগিচা, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীমের নেতৃত্বে ধানমন্ডি, স্বেচ্ছাসেবক দল নেতা ফখরুল ইসলাম রবিনের নেতৃত্বে রামপুরা-উত্তরা, যুবদলের কেন্দ্রীয় নেতা বিল্লাল হোসেন তারেকের নেতৃত্বে মালিবাগ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিমের নেতৃত্বে শনির আখড়া, যুবদল নেতা রুহুল ইসলাম মনির নেতৃত্বে দৈনিক বাংলা, ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে বিজয়নগরসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
এদিকে, ঢাকাসহ সারাদেশে বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন সংগঠনের নেতাকর্মীরা। অন্যান্য বছরের মতো বর্ণাঢ্য আয়োজন না থাকলেও ‘একতরফা’ নির্বাচনের বিরুদ্ধে সংগঠনের প্রত্যেক সাংগঠনিক ইউনিট প্রতিবাদ মিছিল করেছে। এ কর্মসূচি পালনকালে দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ নেতাকর্মী আহত এবং ১৫ জনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, ছাত্রদলের সহসভাপতি তানজিল হাসান ছাড়াও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে ড. আব্দুল মঈন খান বলেন, স্বাধীনতার ৫২ বছরেও দেশের গণতন্ত্র আজ মৃত। আওয়ামী লীগ অলিখিত বাকশাল কায়েম করেছে। জনগণ তাদের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জেগে উঠেছে।
ডেস্ক/ইবিটাইমস/এনএল





















