মনজুর রহমান, ভোলা: ভোলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৫৯৫ বস্তা সিমেন্ট জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে ভোলা ও নোয়াখালীর হাতিয়া সীমান্তবর্তী মেঘনা নদীতে অভিযানটি পরিচালনা করে কোস্ট গার্ড।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
কোস্ট গার্ড দক্ষিণ (ভোলা) জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ভোলা ও নোয়াখালীর হাতিয়া সীমান্তবর্তী মেঘনা নদীতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক দুটি বোটে তল্লাশি চালান কোস্ট গার্ডের সদস্যরা।
জব্দ ২৯ হাজার ৭৫০ কেজি সিমেন্ট
তল্লাশির সময় শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৫৯৫ বস্তা সিমেন্ট পাওয়া যায়। জব্দ করা সিমেন্টের মোট ওজন ২৯ হাজার ৭৫০ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।
এ ছাড়া সিমেন্ট পাচারে ব্যবহৃত দুটি বোটও জব্দ করা হয়েছে।
আটক ১২
অভিযান চলাকালে পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে আটক করা হয়।
কোস্ট গার্ড কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, জব্দ করা সিমেন্ট, দুটি বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস




















