জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে কোস্ট গার্ড ও মৎস্য বিভাগের অভিযানে জব্দ করা ৬৫০ কেজি জাটকা ইলিশ বিভিন্ন এতিমখানা ও দুস্থ-অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। তবে এ মাছ বিতরণ নিয়ে ‘ভোলায় জব্দ করা ৬৫০ কেজি ইলিশ কাদের পেটে?’ এমন প্রশ্নবোধক শিরোনামে সংবাদ প্রকাশ করায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের আউটপোস্ট লালমোহন অভিযান চালিয়ে জাটকা ইলিশ জব্দ করে। পরে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জব্দ করা ৬৫০ কেজি মাছ বিভিন্ন এতিমখানা ও দুস্থ-অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়।
সংশ্লিষ্টদের দাবি, জব্দ করা এসব মাছ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হয়নি। বরং মানবিক বিবেচনায় ১৫টি এতিমখানা ও অসহায় মানুষের মধ্যে তা বিতরণ করা হয়েছে। এ বিতরণের তথ্যচিত্র ও প্রয়োজনীয় তথ্য মৎস্য অফিসে সংরক্ষিত রয়েছে বলেও জানানো হয়েছে।

তাদের অভিযোগ, প্রকৃত তথ্য যাচাই না করে প্রশ্নবোধক শিরোনামে সংবাদ প্রকাশের ফলে জনমনে বিভ্রান্তি ও সন্দেহ তৈরি হয়েছে। এ ধরনের সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া এবং তথ্য-প্রমাণ যাচাই করা গণমাধ্যমের নৈতিক দায়িত্ব।
সংশ্লিষ্টরা ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে অনুমাননির্ভর বক্তব্য পরিহার করে সঠিক, নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন
ঢাকা/এসএস





















