শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : নির্বাচনের পর অনেক সময় পোলিং এজেন্টদের সঙ্গে রাজনৈতিক নেতাদের যোগাযোগ কমে যায়। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে নির্বাচনে নিজের পক্ষে দায়িত্ব পালন করা পোলিং এজেন্টদের সম্মানে ব্যতিক্রমী আয়োজন করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শুধু মতবিনিময় সভা নয়, প্রায় দুই হাজার পোলিং এজেন্টের জন্য আয়োজন করা হয় বিশেষ মধ্যাহ্নভোজের। গরু জবাই করে রান্না করা হয় পোলাও-মাংস। কয়েক দফায় চলে খাবার পরিবেশন। প্রতিমন্ত্রী নিজেও অংশ নেন এই মধ্যাহ্নভোজে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় টাঙ্গাইল পৌর উদ্যানে সদর উপজেলা বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসনের বিভিন্ন কেন্দ্রে ধানের শীষের পক্ষে দায়িত্ব পালন করা পোলিং এজেন্টরা অংশ নেন।
সভায় পোলিং এজেন্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নির্বাচনের দিন যাঁদের ওপর সব দায়িত্ব দিয়ে নির্ভর করেছিলেন, তাঁরা হলেন পোলিং এজেন্টরা। সকাল থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত তাঁরা সর্বোচ্চ বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এজন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, যাঁরা নির্বাচনের দিন তাঁর জন্য দায়িত্ব পালন করেছেন, তাঁদের সঙ্গে দেখা ও মতবিনিময় না হওয়াটা হতে পারে না। সেই ভাবনা থেকেই এই আয়ো
জন করা হয়েছে।
পোলিং এজেন্টদের ভূমিকার প্রশংসা করে তিনি আরও বলেন, তাঁরা মানুষের কাছে ভোট চেয়েছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁদের কথায় বিশ্বাস রেখেই মানুষ তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার আশ্বাস দিয়ে তিনি জানান, পোলিং এজেন্টদের ফোন নম্বর ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে। তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও নিয়মিত কথা বলবেন তিনি।
দলীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সম্মিলিত প্রচেষ্টায় দলকে সুসংগঠিত রাখতে হবে। স্বাধীনতা ও গণতন্ত্র অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। টাঙ্গাইলের উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আগামী পাঁচ বছরে উন্নয়নের দিক থেকে টাঙ্গাইলকে দেশের মধ্যে এক নম্বরে নেওয়ার চেষ্টা করবেন।
এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।
এর আগে বিভিন্ন কেন্দ্রের পোলিং এজেন্টরা নির্বাচনের অভিজ্ঞতা, মতামত ও পরামর্শ তুলে ধরেন। তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন প্রতিমন্ত্রী। পুরো আয়োজন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করেন আয়োজকদের স্বেচ্ছাসেবকেরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজ উদ্দিন বিপ্লব।
এ সময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/এসএস





















