ইবিটাইমস ডেস্ক : বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানো এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়ন নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এর সাইডলাইনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় কপ৩১-এর চলমান আলোচনায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন তিনি।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে অস্ট্রেলীয় বিনিয়োগকারীদের আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিশেষ করে কৃষি খাতের উন্নয়ন নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তারেক রহমান বলেন, এ সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই নিহিত। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নিতে অস্ট্রেলিয়ার কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
এ ছাড়া পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ এবং খাল খনন কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অ্যান্থনি আলবানিজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে তারেক রহমানকেও অস্ট্রেলিয়া সফরের আমন্ত্রণ জানান তিনি। প্রধানমন্ত্রীও সুবিধাজনক সময়ে অস্ট্রেলিয়া সফরের আশাবাদ ব্যক্ত করেন।
ঢাকা/এসএস




















