জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে পৃথক তিনটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে এবং শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ধলীগৌরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মঙ্গল শিকদার লঞ্চঘাটের উত্তর পাশে বেড়িবাঁধের ওপর একটি বন্ধ দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় বেল্লাল (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অন্যদিকে, শুক্রবার ভোরে বদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজীরহাট বাজারের উত্তর পাশে মান্নান মাস্টারের বাড়ির সামনে অভিযান চালিয়ে আরাফাত ওরফে ইমরান (২৩) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

একই দিন লালমোহন ইউনিয়নের পেসকারহাওলা ৭ নম্বর ওয়ার্ডে ভোলা-চরফ্যাশন মহাসড়কের পশ্চিম পাশে অভিযান চালিয়ে আব্দুর রহমান (২৮) নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০ পিস ইয়াবা ট্যাবলেট।
পৃথক এসব অভিযানে নেতৃত্ব দেন লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) অসীম চন্দ্র কর্মকার ও প্রসেনজিৎ হালদারসহ পুলিশের সঙ্গীয় ফোর্স।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা/এসএস





















