ইবিটাইমস ডেস্ক : আয়ারল্যান্ডে বাংলা ভাষার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা, পেশাগত মর্যাদা ও দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ড। গত ৮ নভেম্বর রাজধানী ডাবলিনের রেডকাউ হোটেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির অভিষেক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আয়ারল্যান্ডের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের আনুষ্ঠানিক পরিচিতি তুলে ধরা হয়। পাশাপাশি প্রবাসে বাংলা সাংবাদিকতার বিকাশ, সাংবাদিকদের পেশাগত ঐক্য, দায়িত্বশীল সংবাদচর্চা এবং সংগঠনটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। আমন্ত্রিত অতিথিরা বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ডের আত্মপ্রকাশকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন কাউন্টি লিমেরিকের কাউন্সিলর আজাদ তালুকদার, অল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের সভাপতি মো. মোস্তফা, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, কমিউনিটি ব্যক্তিত্ব সৈয়দ মোস্তাফিজুর রহমান, ডা. মিলন ও আক্তার হোসেনসহ অন্য অতিথিরা। তাঁরা প্রবাসী সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা এবং প্রবাসী বাংলাদেশিদের সমস্যা, সম্ভাবনা ও অর্জন সংবাদমাধ্যমে তুলে ধরার ওপর গুরুত্ব দেন।
এ ছাড়া বাংলাদেশ থেকে অনলাইনে শুভেচ্ছা বক্তব্য দেন রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব মাহফুজুর রহমান, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের সম্পাদক আনোয়ার আল দীন এবং ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) সাধারণ সম্পাদক বাদশাহ মিয়া। তাঁরা নবগঠিত কমিটির সভাপতি জাহিদ মমিন চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ জুয়েল ও সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম সবুজসহ কমিটির অন্য সদস্যদের অভিনন্দন জানান।

বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সাংবাদিক জাহিদ মমিন চৌধুরী। সাধারণ সম্পাদক সৈয়দ জুয়েল এবং সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম সবুজ। কমিটির সহসভাপতি আব্দুর রহিম ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আলম, কোষাধ্যক্ষ ওমর ফারুক নিউটন, দপ্তর সম্পাদক কবির আহমদ বাবুল এবং ক্রীড়া সম্পাদক মানিক মনিরুজ্জামান।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আবুল খায়ের হাসান। এ ছাড়া সংগঠনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন দিলিপ বড়ুয়া, রিয়াদ তালুকদার, বেলাল আহমেদ, আরশাদ সুমন, সজল মিত্র রিচার্ড, কায়েস আহমেদ ও আল আমিন হোসেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, আয়ারল্যান্ডে কর্মরত বাংলা ভাষার সংবাদকর্মীদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত সম্পর্ক উন্নয়ন, তথ্যের আদান-প্রদান এবং সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে সংবাদ পরিবেশনের পরিবেশ তৈরিতে কাজ করবে সংগঠনটি।
পাশাপাশি আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড, সাফল্য, সমস্যা এবং সম্ভাবনাগুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে। শুধু স্থানীয় সংবাদ পরিবেশনে সীমাবদ্ধ না থেকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠা, দেশের উন্নয়ন ও সম্ভাবনার কথা তুলে ধরা এবং প্রবাসীদের অর্জন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রচারের ক্ষেত্রেও ভূমিকা রাখতে চায় সংগঠনটি।
অতিথিরা বলেন, প্রবাসে সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নিজ দেশের ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় পরিচয় তুলে ধরার ক্ষেত্রেও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ জন্য পেশাদারত্ব, নিরপেক্ষতা, ঐক্য ও দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি।
অনুষ্ঠানের শেষপর্বে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। তাঁদের প্রত্যাশা, সম্মিলিত প্রচেষ্টায় বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ড প্রবাসী সাংবাদিকদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং বাংলাদেশি কমিউনিটির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টদের মতে, এ অভিষেকের মধ্য দিয়ে আয়ারল্যান্ডে বাংলা সাংবাদিকতার ক্ষেত্রে নতুন একটি অধ্যায়ের সূচনা হলো।
ঢাকা/এসএস




















