জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে পুলিশের পৃথক দুটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাঠির মাথা বাজারে মোহাম্মদ ইমামের মুদি দোকানের পূর্ব পাশে পাকা সড়ক থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মো. রিয়াজ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাটওয়ারী বাড়ির মো. সিরাজের ছেলে।
অন্যদিকে, লালমোহন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নওয়াব আলী মুন্সি বাড়ি রোডে বাবুলের বাড়ির পাশের পাকা সড়ক থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাকিব হোসেন (২৩) নামে আরেকজনকে আটক করা হয়। তিনি ওই এলাকার মুন্সি বাড়ির মো. হুমায়ুনের ছেলে।

অভিযানে লালমোহন থানার এসআই (নিঃ) দেবরাজ চক্রবর্তী, এএসআই (নিরস্ত্র) আল আমিন, মঙ্গল সিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. জুয়েল, এএসআই মো. মনিরুজ্জামানসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।
পুলিশ জানায়, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
ঢাকা/এসএস




















