বাঁধন রায়, ঝালকাঠি : ঝালকাঠিতে সার ও বীজের সরবরাহ এবং বাজার পরিস্থিতি নিয়ে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে নতুন নিয়োগপ্রাপ্ত ৩৫ জন সার ডিলারের সঙ্গে চুক্তি সম্পাদন করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবদুল্লাহ আল মামুন, মৎস্য অধিদপ্তরের জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রবণ কুমার বিশ্বাসসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন উপজেলার ডিলাররা উপস্থিত ছিলেন।

সভায় সার ও বীজের সরবরাহ, বিতরণ এবং বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে নতুন নিয়োগপ্রাপ্ত ৩৫ জন সার ডিলারের সঙ্গে চুক্তি সম্পাদন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ডিলারসহ ঝালকাঠি জেলায় বর্তমানে মোট সার ডিলারের সংখ্যা ৬৯ জন।
উল্লেখ্য, কৃষকদের কাছে সুষ্ঠুভাবে সার সরবরাহ ও বিতরণব্যবস্থা সচল রাখতে জেলা সার ও বীজ মনিটরিং কমিটি ডিলারদের সঙ্গে সমন্বয় করে কাজ করে থাকে।
ঢাকা/এসএস



















