ইবিটাইমস ডেস্ক : শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত এলাকায় ৩৯ বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫ লাখ ২ হাজার টাকা সমমূল্যের ভারতীয় ওষুধ জব্দ করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরনের চোরাচালানি পণ্য পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে।
তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/এসএস




















