শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে রেলক্রসিং পার হওয়ার সময় সামনের চাকার এক্সেল ভেঙে রেললাইনের ওপর আটকে যায় বালুবাহী একটি ট্রাক। এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন এগিয়ে আসছিল। পরে গেটম্যানের তৎপরতা ও স্থানীয়দের সহযোগিতায় লাল পতাকা উড়িয়ে ট্রেনটি থামানো হয়। এতে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান ট্রেনের যাত্রীরা।
শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কালিহাতী উপজেলার সল্লা বাসস্ট্যান্ড এলাকার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ও সল্লা বাসস্ট্যান্ড রেলওয়ে গেটের গেটম্যান মিজান জানান, যমুনা সেতু পার হয়ে আসা একটি বালুবাহী ট্রাক সল্লা বাসস্ট্যান্ড এলাকায় বালু আনলোড করতে যাচ্ছিল। এ সময় রেললাইন পার হওয়ার জন্য ট্রাকে উঠতেই সামনের চাকার এক্সেল ভেঙে যায়। এতে ট্রাকটি রেললাইনের ওপর আটকে পড়ে।
এদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ওই রেলপথ দিয়ে আসছিল। পরিস্থিতি বুঝতে পেরে গেটম্যান মিজান দ্রুত লাল পতাকা উড়িয়ে ট্রেনটিকে থামানোর সংকেত দেন। পরে ট্রেনটি থামানো হলে সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
স্থানীয়রা জানান, প্রথমে অন্য একটি ট্রাক দিয়ে টেনে আটকে পড়া ট্রাকটি সরানোর চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। পরে কাছাকাছি থাকা মাটি কাটার ভেকু মেশিন এনে ধাক্কা দিয়ে ট্রাকটিকে রেললাইন থেকে সরানো হয়।

পরে দুপুর ১২টার দিকে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ ঘটনায় রেললাইনের কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে।
গেটম্যানের দ্রুত পদক্ষেপ ও স্থানীয়দের সহযোগিতায় সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
ঢাকা/এসএস

















