ইবিটাইমস ডেস্ক : রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড অভিযান জোরদার করা হয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন বাসস’কে বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড অভিযান জোরদার করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে এ অভিযান অব্যাহত থাকবে।’
এছাড়া, দেশে সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বাংলাদেশ পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), ডিএমপি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)সহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো কঠোর অবস্থানে রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সম্প্রতি ডিএমপি’র তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেফতার করা হয়। এ সময় মোহাম্মদপুর, শের-ই-বাংলা নগর, আদাবর, তেজগাঁও, তেজগাঁও শিল্প এলাকা ও হাতিরঝিল থানার অপরাধপ্রবণ এলাকাগুলোতে ‘ব্লক রেইড’ অভিযান চালানো হয়।
ডিএমপি’র তথ্যমতে, চলতি বছরের মার্চ মাসে রাজধানীতে বিভিন্ন অপরাধে মোট ৯ হাজার ২৫৯ জনকে গ্রেফতার এবং ১ হাজার ৩০৫টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মার্চে রাজধানীর ১১টি থানা বিভিন্ন অপরাধে ২ হাজার ৬২৫ জনকে গ্রেফতার করে। এর মধ্যে মোহাম্মদপুর থানা ৬৭৪, হাজারীবাগ ৪৯৪, নিউমার্কেট ৫১, মিরপুর ৪৬৯, শাহবাগ ১৫৯, বংশাল ১৩২, লালবাগ ১২৮, উত্তরা পশ্চিম ২৩৪, ধানমন্ডি ৬৭, বাড্ডা ১১৫ এবং মতিঝিল থানা ১০২ জনকে গ্রেফতার করে।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, ‘টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, ধারাবাহিক অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং পুলিশ-জনগণের সমন্বিত সহযোগিতার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে যথেষ্ট ভালো।’
তিনি বলেন, ‘অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ ও তদন্ত করা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করে যাচ্ছে।’
ডিএমপি’র গোয়েন্দা শাখা (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা আরও উন্নত করতে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে। প্রযুক্তির মাধ্যমে অপরাধীদের অবস্থান শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিস্থিতি যথেষ্ট ভালো, তবে আরও উন্নত হবে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) খুন, অর্থপাচার, সাইবার অপরাধ, জালিয়াতি, সংঘবদ্ধ অপরাধ, সন্ত্রাসবাদ ও ফরেনসিক বিশ্লেষণসহ বিশেষায়িত ক্ষেত্রে কাজ করছে। সিআইডি এসব অপরাধীদের আইনের আওতায় আনতে তৎপর রয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চে বিভিন্ন অপরাধে ৭ জনকে গ্রেফতার এবং ৬টি মামলা করা হয়েছে, যার মধ্যে ২টি মানিলন্ডারিং সংক্রান্ত।
ঢাকা/এসএস
শিরোনাম :
রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার
-
EuroBanglaTimes
- আপডেটের সময় ০৯:৩৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- ৭ সময় দেখুন
জনপ্রিয়
Translate »



















