শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে মারা যাওয়া জিয়াউর রহমান (৪৫)-এর বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
সোমবার (৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের ছোনাট গ্রামে জিয়ার বাড়িতে গেলে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় তিনি মৃত জিয়ার পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি জিয়ার ছোট ছেলের চাকরির ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন।
এ সময় টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থীর শেষ নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু হয়। সোমবার দুপুরে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এ ঘটনা ঘটে।
ঢাকা/ইবিটাইমস/এসএস




















