ইবিটাইমস ডেস্ক : চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ দিন ধার্য করেন।
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। এ কারণে সকাল সাড়ে ১০টার দিকে পরীমনি আদালতে উপস্থিত হন।

তবে আইন সংশোধনের কারণে মামলাটি বিশেষ জজ আদালত থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে স্থানান্তর করা হয়েছে বলে জানতে পারেন তারা। পরে সিএমএম আদালতে হাজিরা দেন পরীমনি। এরপর বিচারক অভিযোগ গঠনের শুনানির জন্য ২৩ ডিসেম্বর দিন ধার্য করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরদিন ৫ আগস্ট র্যাব বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।
তদন্ত শেষে একই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে বলা হয়, পরীমনির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিআইডিকে জানায়, ২০১৯-২০ অর্থবছরে পরীমনির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল। তবে ওই লাইসেন্সের মেয়াদ আগেই শেষ হয়ে যায়।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বাসায় রাখতেন পরীমনি। এ ছাড়া মাদক বহনের কাজে নিজের গাড়ি ব্যবহারের অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে।
তবে এসব অভিযোগের বিষয়ে এখনো আদালতে বিচারিক সিদ্ধান্ত হয়নি। আগামী ২৩ ডিসেম্বর অভিযোগ গঠনের শুনানিতে মামলার পরবর্তী কার্যক্রম নির্ধারিত হবে।
ঢাকা/এসএস




















