শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুরে জঙ্গলের ধারে পড়ে থাকা অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের সিলিমপুর বাজারের পশ্চিম পাশের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশ থেকে মাদকদ্রব্য, চিপসের প্যাকেট ও কোমল পানীয়ের বোতল পাওয়া গেছে। তবে এখনো ওই যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য কবির হোসেন জানান, দুপুরে নামাজের পর স্থানীয় নূরুল ইসলাম দুর্গন্ধ পেয়ে জঙ্গলের দিকে এগিয়ে যান। সেখানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তিনি স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানান। স্থানীয়দের ধারণা, নিহত যুবকের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।
খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় মরদেহের পাশ থেকে মাদকদ্রব্য, চিপসের প্যাকেট ও কোমল পানীয়ের বোতল পাওয়া যায়। এ ছাড়া ওই যুবকের কাছে থাকা একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ঢাকা/এসএস





















