ইবিটাইমস ডেস্ক : বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপের দেশ স্লোভেনিয়া। দুই দেশের মধ্যে বাণিজ্য, সংসদীয় সম্পর্ক, বিনিয়োগ এবং বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিন।

সাক্ষাৎকালে স্পিকার বলেন, বাংলাদেশ ও স্লোভেনিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই তৎকালীন যুগোস্লাভিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিকাশ ঘটে। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির যুগোস্লাভিয়া সফর এবং দেশটির তৎকালীন প্রেসিডেন্ট মার্শাল টিটোর ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।
বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার ইতিহাস তুলে ধরে স্পিকার বলেন, ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর না করায় মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জিত হলেও পরবর্তী সময়ে বিভিন্ন সামরিক ও স্বৈরাচারী শাসন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে।
তিনি আরও বলেন, বিগত ১৬ বছরে জনগণের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হয়েছে। গুম, খুন, অর্থ পাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করে রাখা হয়েছিল। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে ওই শাসনের অবসান ঘটে।
স্পিকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে উল্লেখ করেন।

স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিন বলেন, বাংলাদেশের সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়েছে। ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের নির্বাচনী পর্যবেক্ষক দল এ নির্বাচন পর্যবেক্ষণ করেছে। তিনি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণে স্লোভেনিয়া সরকারের আগ্রহের কথা জানান।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা, সংসদীয় প্রতিনিধি দলের সফর বিনিময়, রোহিঙ্গা সংকটের সমাধান, মুক্ত বাণিজ্য চুক্তি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় জোরদারের বিষয়েও আলোচনা হয়।
এ সময় বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস সম্পদ অনুসন্ধান ও উত্তোলনে স্লোভেনিয়ার কোম্পানিগুলোকে বিনিয়োগের আমন্ত্রণ জানান স্পিকার।
সাক্ষাতে স্লোভেনিয়ার দূতাবাসের কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/এসএস





















