বাঁধন রায়, ঝালকাঠি : নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে শহরের আমতলা সড়কে দলীয় কার্যালয় থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদারের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, সদস্যসচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান এবং যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু।
বক্তারা বলেন, ফ্যাসিবাদী সরকারবিরোধী আন্দোলনে যুবদল সারা দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে যুবদল নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন বলেও তাঁরা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, যুবদল কখনো মনোবল হারায়নি, ভবিষ্যতেও হারাবে না।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
ঢাকা/এসএস





















