ইবিটাইমস ডেস্ক : ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে নীতিগতভাবে প্রস্তুত রাশিয়া। তবে যুদ্ধের অবসানে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছে মস্কো।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের বৈঠক এবং আটক মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ডকে মুক্তি দেওয়ার পর বুধবার এ কথা জানায় ক্রেমলিন। সেন্ট পিটার্সবার্গ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের পর, নভেম্বরের মাঝামাঝি সময়ে ত্রিপক্ষীয় আলোচনা আবার শুরু হতে পারে। আলোচনায় যুদ্ধ-পরবর্তী নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাক—এমনটাই চায় মস্কো।
উশাকভ জানান, অসলোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে উঠে আসা ইউরোপ ও কিয়েভের কিছু নতুন প্রস্তাব সম্পর্কে পুতিনকে জানিয়েছেন উইটকফ। তবে তাঁর দাবি, এসব প্রস্তাবে উল্লেখযোগ্য কোনো ‘সারবস্তু’ নেই।

মঙ্গলবার জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে রাশিয়ায় যান উইটকফ। ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে সাম্প্রতিক টানাপোড়েন কমিয়ে আনা এবং শান্তি আলোচনায় অগ্রগতি আনাই ছিল ওই বৈঠকের লক্ষ্য। পুতিনের সঙ্গে আলোচনায় ভার্চুয়ালি অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও।
ট্রাম্প বলেছেন, যুদ্ধের অবসানের বিষয়ে পক্ষগুলো এ পর্যন্ত সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছেছে। অন্যদিকে, হাবার্ডকে মুক্তি দেওয়ায় পুতিনের প্রশংসা করেছেন উইটকফ। তিন ঘণ্টার বৈঠকে তিনি পুতিনকে ‘মানবিক’ বলে অভিহিত করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বৈঠকটিকে ‘গঠনমূলক’ উল্লেখ করে তিনি বলেন, এখনো গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে। যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কৌশলগত পর্যায়ে আলোচনা চলবে বলেও জানান তিনি।
সত্তরের কোঠায় বয়সী অবসরপ্রাপ্ত ইংরেজি শিক্ষক হাবার্ড ইউক্রেনের পক্ষে যুদ্ধে অংশ নেওয়া ‘ভাড়াটে যোদ্ধা’ হওয়ার অভিযোগ অস্বীকার করে আসছিলেন।
এদিকে, শীত আসার আগে ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। কিয়েভের দাবি, এসব হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে রাজধানী কিয়েভে দুজন এবং পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের এক বয়স্ক দম্পতি রয়েছেন। লুহানস্ক অঞ্চলের রুশ-নিয়ন্ত্রিত কর্তৃপক্ষের দাবি, একটি টেলিফোন কোম্পানির ওপর ইউক্রেনের ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন।
জেলেনস্কি বলেছেন, ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করার পক্ষে কিয়েভ। তাঁর ভাষ্য, মার্কিন পক্ষ যত দ্রুত সম্ভব বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছে এবং ইউক্রেন তাতে সম্মত।
ক্রেমলিনের সহযোগী উশাকভ আরও জানান, আগামী মাসে চীনের শেনজেনে পুতিন, ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের অংশগ্রহণে একটি শীর্ষ সম্মেলনের প্রস্তুতি চলছে। তিনি বৈঠকটিকে ‘ইতিহাসে এ ধরনের প্রথম’ বলে উল্লেখ করেন।
ঢাকা/এসএস






















