বাঁধন রায়, ঝালকাঠি : ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে ইলিশ রক্ষায় অভিযান চালানোর সময় মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে উপজেলার কুমারখালী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে জেলা মৎস্য কর্মকর্তাসহ সাতজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকের নেতৃত্বে মঙ্গলবার মধ্যরাত থেকে একটি স্পিডবোট ও একটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে সুগন্ধা নদীতে অভিযান শুরু হয়। নলছিটি অংশে অভিযান চলাকালে কুমারখালী এলাকায় ১২টি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে এসে জেলেরা অভিযানকারী দলের গতিরোধ করেন।

এ সময় জেলেরা লাঠিসোঁটা ও রামদা নিয়ে হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে জ্যেষ্ঠ সহকারী পরিচালক প্রবণ কুমার বিশ্বাস স্পিডবোট থেকে পড়ে আহত হন। হামলায় জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক, তিন আনসার ও ভিডিপি সদস্য হাবিলদার আবদুর রহিম, সিপাহি সাকিব হাসান ও সিপাহি সেলিম মিয়া, মাঝি মো. রেজাউল করিম, চালক মো. মোস্তফা সিকদার এবং অফিস সহায়ক মো. রমজান আলী খলিফা আহত হন।
জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক বলেন, “ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমাদের একটি দল সুগন্ধা নদীতে অভিযান পরিচালনা করছিল। এ সময় দলের ওপর হামলা চালানো হয়। এতে মৎস্য বিভাগের সাতজন আহত হয়েছেন।”
তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা চালক ও মাঝিকে মারধর করেন এবং রামদা দেখিয়ে অভিযানে না আসার হুমকি দেন। এ সময় মাঝিদের কান ধরে ওঠবস করানো হয়, যাতে তাঁরা ভবিষ্যতে অভিযানে সহযোগিতা না করেন।
ঘটনার পর আহত ব্যক্তিরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
ঢাকা/এসএস





















