ইবিটাইমস ডেস্ক : রাজধানীর মিরপুর-১০ এলাকায় দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
শনিবার (১৭ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী মিরপুর-১০ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর সরকারি প্রেস সচিব একেএম নাজমুল হক এ তথ্য জানান।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পথচারীদের কাছে জানতে চান, আগে হকারদের দখলে থাকা ফুটপাত উচ্ছেদের পর তাঁদের চলাচলে কতটা সুবিধা হয়েছে। পাশাপাশি বর্তমানে হাঁটাচলার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কি না, সে বিষয়েও খোঁজখবর নেন তিনি।
এ সময় নগরীর ফুটপাত ও সড়ক ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষ কোনো ভোগান্তিতে পড়ছেন কি না, তা জানতে পথচারীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁদের অভিজ্ঞতা ও মতামত মনোযোগ দিয়ে শোনেন তিনি।
প্রধানমন্ত্রী রাজধানীর ফুটপাতগুলো পথচারীদের ব্যবহারের উপযোগী রাখা, সড়ক ও ফুটপাতের শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।
তিনি বলেন, নগরীর ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য। তাই ফুটপাত দখলমুক্ত রেখে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা জরুরি।
মিরপুর-১০ এলাকায় প্রধানমন্ত্রীর এ পরিদর্শনের মূল লক্ষ্য ছিল ফুটপাত দখলমুক্ত রাখার কার্যক্রমের বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করা এবং পথচারীদের চলাচলে বিদ্যমান সমস্যা সম্পর্কে সরাসরি ধারণা নেওয়া।
ঢাকা/এসএস


















