মোতাব্বির হোসেন কাজল, হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাটে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স এবং অনুমোদিত সীমার অতিরিক্ত এলপিজি মজুদের অভিযোগে এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে চুনারুঘাট পৌর শহরের উত্তর বাজারে অবস্থিত এলপিজি ডিলার প্রতিষ্ঠান জননী এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স এবং পূর্বের লাইসেন্সে অনুমোদিত সীমার চেয়ে বেশি এলপিজি গ্যাস মজুদের অসামঞ্জস্য পাওয়া যায়।

তবে প্রতিষ্ঠানের ক্রয় রশিদ যাচাই করে দেখা যায়, বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘সেনা’ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ওই ডিলারের কাছে এলপিজি বিক্রি করছে।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বিষয়টি আমলে নিয়ে জননী এন্টারপ্রাইজের ম্যানেজার ও উপজেলার মাঝিশাইল গ্রামের বাসিন্দা আব্দুল লতিফকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ সময় প্রতিষ্ঠানটিকে দ্রুত লাইসেন্স নবায়ন, অনুমোদিত সীমা অনুযায়ী এলপিজি মজুদ, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রির বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে অধিক দামে এলপিজি বিক্রি ও অবৈধভাবে মজুদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/এসএস





















