বর্ষা আহমেদ বৃষ্টি : রাজধানীর বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ই-মেইলের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই হুমকি দেওয়া হয়। এ ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসীরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার (৪ অক্টোবর) ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একটি ই-মেইল পাঠানো হয়। এতে আগামী ৬ অক্টোবর সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়।
ই-মেইল বার্তায় হামলার নির্দিষ্ট সময় উল্লেখ করে হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি জানার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাড্ডা থানায় একটি জিডি করে।

ঘটনার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার ইউনিট হুমকির উৎস ও ই-মেইল প্রেরণকারীর পরিচয় শনাক্তে কাজ করছে। পাশাপাশি পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও বাড্ডা থানা পুলিশও ঘটনাটি তদন্ত করছে।
তবে হুমকিটি কতটা বাস্তবসম্মত এবং এর পেছনে কারা রয়েছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
ঢাকা/ইবিটাইমস/এসএস






















