বর্ষা আহমেদ বৃষ্টি : বান্দরবানের সদর উপজেলায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর ফুফুর কক্ষের একটি বাক্স থেকে ৩ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির ফুফু নার্গিস সুলতানাকে (৪৯) গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের সুয়ালক বাজারসংলগ্ন ময়দার মিল এলাকায় এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া শিশুটির নাম তায়িফা সুলতানা (৩)। সে ওই এলাকার ইলিয়াস খানের মেয়ে।

পুলিশ জানায়, সোমবার সকাল থেকে তায়িফা নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে বাবা ইলিয়াস খান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান।
পরে পুলিশ ইলিয়াস খানের বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে। ফুটেজে নার্গিস সুলতানাকে শিশু তায়িফাকে তার কক্ষে নিয়ে যেতে দেখা যায় বলে জানায় পুলিশ।
এরপর নার্গিস সুলতানার কক্ষে তল্লাশি চালানো হলে একটি বাক্সের ভেতর তায়িফার মরদেহ পাওয়া যায়। পরে নার্গিস সুলতানাকে গ্রেপ্তার করে পুলিশ।
সোমবার রাত ১০টার দিকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নার্গিস সুলতানা তার ভাতিজিকে গলাটিপে হত্যার কথা স্বীকার করেছেন। তবে হত্যার কারণ সম্পর্কে তিনি কিছু জানাননি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিহত শিশুটির পরিবারের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানান, নার্গিস সুলতানার স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর তিনি তার ভাই ইলিয়াস খানের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন। আপন ভাতিজিকে হত্যার ঘটনায় পরিবারের সবাই স্তম্ভিত।
ওই পরিবারের সদস্যের ধারণা, শিশুটির মায়ের সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস






















