ইবিটাইমস ডেস্ক : লক্ষ্মীপুরে ভেজাল ঘি উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে তাহের ফুড ইন্ডাস্ট্রিজের মালিকের ভাই জিল্লাল হোসেনকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিষ্ঠানটিতে ভেজাল ঘি উৎপাদন ও বাজারজাতের প্রমাণ পাওয়া যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইনের আওতায় জিল্লাল হোসেনকে এ সাজা প্রদান করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাহের ফুড ইন্ডাস্ট্রিজের ভেজাল ঘি উৎপাদন করে বাজারজাত করা হচ্ছে-এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কারখানায় ভেজাল ঘি তৈরির বিভিন্ন উপকরণ, আলামত ও প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে দণ্ডাদেশ প্রদান করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি ভোক্তাদের স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের প্রতারণা সহ্য করা হবে না বলেও জানিয়েছে প্রশাসন।
ঢাকা/এসএস



















