শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষা, জাপানি ভাষা শিক্ষা, গবেষণা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে জাপানের টোকিওভিত্তিক ইয়োমিকাতা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কনসালটেন্সি সেন্টারের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয়টি।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মাভাবিপ্রবির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ। ইয়োমিকাতা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কনসালটেন্সি সেন্টারের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা প্রকৌশলী মোহাম্মদ মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির, গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এবং আইসিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনির মোর্শেদ উপস্থিত ছিলেন।
জাপানে উচ্চশিক্ষার সুযোগ
সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হলো মাভাবিপ্রবির শিক্ষার্থীদের জাপানে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ তৈরি করা। পাশাপাশি জাপানের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের দক্ষ ও কারিগরি পেশাজীবী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠান যৌথভাবে জাপানি ভাষা ও সংস্কৃতি শিক্ষা, বিভিন্ন জাপানি শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা, স্কলারশিপ ও গবেষণার সুযোগ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট এবং কর্মসংস্থান নিয়ে কাজ করবে।
এ ছাড়া শিক্ষার্থীদের কাউন্সেলিং, মেন্টরিং ও পেশাগত দিকনির্দেশনা দেওয়া এবং জাপানি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে শিক্ষার্থী ও শিক্ষকদের একাডেমিক নেটওয়ার্কিং বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
বিনামূল্যে জাপানি ভাষা শেখার সুযোগ
সমঝোতা স্মারকের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো—আগ্রহী শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে প্রাথমিক জাপানি ভাষা শেখার সুযোগ দেবে ইয়োমিকাতা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কনসালটেন্সি সেন্টার।
একই সঙ্গে শিক্ষার্থীদের Japanese-Language Proficiency Test (JLPT) প্রস্তুতির জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ও দিকনির্দেশনা দেওয়া হবে। এর মাধ্যমে জাপানে উচ্চশিক্ষা ও কর্মজীবনের জন্য শিক্ষার্থীরা আগেভাগেই নিজেদের প্রস্তুত করার সুযোগ পাবেন।
যৌথ সেমিনার ও সাংস্কৃতিক বিনিময়
সমঝোতার আওতায় দুই প্রতিষ্ঠানের উদ্যোগে যৌথ সেমিনার, কর্মশালা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি আয়োজনের বিষয়েও ঐকমত্য হয়েছে।
চুক্তিটি পারস্পরিক সহযোগিতামূলক ও অ-একচেটিয়া (non-exclusive)। ফলে এর মাধ্যমে কোনো পক্ষের ওপর আর্থিক বা আইনগত বাধ্যবাধকতা সৃষ্টি হবে না। কোনো মতবিরোধ দেখা দিলে তা পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করা হবে। এছাড়া ৯০ দিনের লিখিত নোটিশের মাধ্যমে যেকোনো পক্ষ সমঝোতা স্মারকটি বাতিল করতে পারবে।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে মাভাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য জাপানে উচ্চশিক্ষা, গবেষণা, ভাষা শিক্ষা ও কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে বাংলাদেশ ও জাপানের মধ্যে একাডেমিক ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ প্রক্রিয়াও আরও গতিশীল হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস




















