শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। একই সঙ্গে উদ্যোক্তা তৈরি, দক্ষতা বৃদ্ধি ও শিল্প-শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদারে বিশ্ববিদ্যালয়টির সঙ্গে বিসিকের একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের ১২তম তলায় সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রবিউল ইসলাম লিটন, বিসিকের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুজ্জামান, পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) মো. শহিদুজ্জামান এবং বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো. ফরহাদ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। উদাহরণ হিসেবে তিনি জাপানের অর্থনৈতিক উন্নয়নে এ খাতের ভূমিকা তুলে ধরেন। বিশ্ববাজারের চাহিদা বিবেচনায় নিয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ উদ্যোক্তা তৈরি এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ ঘটাতে হবে। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে মানসম্মত পণ্য উৎপাদনের সক্ষমতা অর্জন জরুরি। এ ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক অনুযায়ী কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। তাঁর মতে, প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে থাকতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।
বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের উদ্যোগের শুরুতে নানা ধরনের ঝুঁকি ও প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। মাভাবিপ্রবি ও বিসিকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে সহযোগিতার নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ উদ্যোক্তা তৈরি এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ ঘটিয়ে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানের সভাপতি বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেন, বিসিকের উদ্যোগে দেশে ইতোমধ্যে ৮৪টি শিল্পনগরী গড়ে তোলা হয়েছে। সঠিক পরিকল্পনা ও প্রশিক্ষণের মাধ্যমে ক্ষুদ্র শিল্প থেকেও বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব। উদাহরণ হিসেবে তিনি স্কয়ার, আরএফএল ও হেমকোর মতো প্রতিষ্ঠানের কথা উল্লেখ করেন। এসব প্রতিষ্ঠান একসময় ক্ষুদ্র পরিসরে যাত্রা শুরু করলেও বর্তমানে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করেছে।
অনুষ্ঠানে মাভাবিপ্রবি ও বিসিকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন এবং বিসিকের পক্ষে পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুজ্জামান এতে স্বাক্ষর করেন। এ চুক্তির মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি, ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান বিভাগের ৩০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। ২১ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত চলা এ কর্মসূচিতে উদ্যোক্তা হতে আগ্রহী শিক্ষার্থীদের প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও বাস্তবভিত্তিক ধারণা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোক্তা উন্নয়ন অনুষদ এবং মাভাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদ যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করেছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষা ও গবেষণার পাশাপাশি নতুন উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে।
ঢাকা/এসএস





















