জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে চরের জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরে হামলা, মারধর, প্রাণনাশের হুমকি ও ক্ষতিসাধনের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মো. ফারুক (৫৫) নামে এক ব্যক্তি।
গত ৯ নভেম্বর ভোলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এমপি-৬৩২/২০২৬ নম্বর পিটিশন মামলা দায়ের করেন তিনি। অভিযোগের পরিপ্রেক্ষিতে জমির বিরোধ ও ঘটনার বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মামলার অন্য অভিযুক্তরা হলেন কবির, শিপন, করিম ও হোসেন। বাদীর অভিযোগে কবিরকে আওয়ামী লীগ নেতা এবং আওয়ামী লীগের মনোনীত মেম্বার প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে।
আদালতে দাখিল করা অভিযোগে ফারুক দাবি করেন, লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের জে.এল. ২৩ নম্বর মৌজার এসএ ১৩০০ নম্বর খতিয়ানের ৯ দশমিক ৪০ শতাংশ জমির মালিক তিনি ও তাঁর পরিবারের সদস্যরা। জমিটির এসএ ৭২৬২ নম্বর দাগের ভূমি সিকস্তি থেকে পয়স্তি হলে তাঁর বাবা আবদুল মান্নান মিসকেস নম্বর ৩৩২/৭৮-৭৯ দায়ের করেন। পরবর্তী সময়ে ১৯৮৪ সালের ৩০ জানুয়ারি ওই জমির মালিকানা লাভ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ফারুকের ভাষ্য অনুযায়ী, বাবার মৃত্যুর পর ওয়ারিশসূত্রে তিনি ও পরিবারের অন্য সদস্যরা জমিটির মালিকানা ও ভোগদখলের অধিকার পান। তবে ২০০৯ সালের ১৭ সেপ্টেম্বর রহিমা বিবি গং উপজেলা ভূমি অফিসের মাধ্যমে জমিটি নিজেদের নামে নামজারি করান। পরে বিষয়টি জানতে পেরে তাঁরা ভূমি অফিসে মিসকেস দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ১৩০০ নম্বর খতিয়ানে করা ওই নামজারি বাতিল করা হয় বলে দাবি করেছেন বাদী।
অভিযোগে আরও বলা হয়, নামজারি বাতিলের পরও জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের অবসান হয়নি। বরং প্রতিপক্ষরা বিভিন্ন সময়ে তাঁদের হয়রানি ও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ৪ নভেম্বর বুধবার সকাল আনুমানিক ১১টার দিকে ফারুক বিরোধপূর্ণ জমিতে তরমুজ চাষের প্রস্তুতি নিতে যান। এ সময় বিএনপি নেতা জাকির হোসেনের নেতৃত্বে অন্য অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান। এতে তিনি আহত হন। পাশাপাশি তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি। পরে তাঁর চিৎকার শুনে স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।
এ ঘটনায় প্রতিকার চেয়ে পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেন ফারুক। আদালত অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য লালমোহন উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ‘চরের জমির বিষয়ে আমি কিছুই জানি না। যারা অভিযোগ করেছে, তাদের জিজ্ঞেস করেন, তারা আমাকে চেনে কি না। এই জমির বিষয়ে আমি কিছুই জানি না।’
ঢাকা/এসএস





















