শফিকুজ্জামান খান মোস্তাফা, টাঙ্গাইল : হেমন্তের ভোরে শিশিরভেজা দুর্বাঘাস, হালকা কুয়াশার চাদর আর মিষ্টি রোদের ঝিলিক জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। টাঙ্গাইলের দিগন্তজোড়া ফসলের মাঠে এখন মৃদু বাতাসে দুলছে পাকা আমন ধানের সোনালি শীষ। কোথাও চলছে ধান কাটার ব্যস্ততা, কোথাও আবার কাটা ধান মাড়াই ও রোদে শুকিয়ে গোলায় তুলতে ব্যস্ত কৃষক-কৃষাণীরা।
নতুন ধান ঘরে তোলার আনন্দ, খেজুরের রস সংগ্রহ এবং পিঠা-পায়েস তৈরির প্রস্তুতি—সব মিলিয়ে জেলার গ্রামীণ জনপদে বইছে নবান্ন উৎসবের আমেজ। তবে বাম্পার ফলনের আনন্দের মধ্যেও কৃষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে চাষাবাদের বাড়তি খরচ। সার, বীজ ও কীটনাশকের উচ্চমূল্য এবং বাজারে কৃত্রিম সংকটের কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ভালো ফলন পেয়েও কাঙ্ক্ষিত লাভ নিয়ে শঙ্কায় রয়েছেন প্রান্তিক কৃষকেরা।

কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে টাঙ্গাইলে আমন আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এ বছর জেলায় ১ লাখ ৪ হাজার ৫৯০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে অনুকূল পরিবেশের কারণে আবাদ হয়েছে ১ লাখ ৬ হাজার ৪০ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ৪৫০ হেক্টর বেশি। এ ছাড়া চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৫৯০ মেট্রিক টন।
সরেজমিনে জেলার বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা যায়, পাকা ধানের মৌ মৌ গন্ধে মুখর চারপাশ। ধান কাটা ও মাড়াইকে ঘিরে কৃষক পরিবারগুলোতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ফসল ঘরে তোলার এই কর্মযজ্ঞে পুরুষের পাশাপাশি সমানতালে কাজ করছেন কৃষাণীরাও।
মাঠে কর্মরত কয়েকজন কৃষাণীর সঙ্গে কথা বলে জানা যায়, ধান কাটা, মাড়াই এবং রোদে শুকানো পর্যন্ত তাঁদের কঠোর পরিশ্রম করতে হয়। তবে গোলায় নতুন ধান ওঠার আনন্দে সব ক্লান্তি ভুলে যান তাঁরা। সারা বছরের খাবারের জোগান নিশ্চিত করতে ধান সেদ্ধ করে সংরক্ষণের পাশাপাশি শীতের পিঠা-পায়েস তৈরির জন্য আলাদাভাবে কিছু ধান সেদ্ধ না করেও রেখে দিচ্ছেন।
প্রান্তিক কৃষকদের দাবি, নবান্নের প্রকৃত আনন্দ ধরে রাখতে এবং কৃষিকে টিকিয়ে রাখতে মৌসুমের শুরুতেই কৃষি উপকরণের বাজার কঠোরভাবে তদারকি করতে হবে। পাশাপাশি উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তাঁরা।

স্থানীয় কৃষক আনিসুর রহমান, আমজাদ আলী, মনির হোসেন, খোরশেদ আলম ও আক্কাছ আলীসহ অনেকে জানান, আমনের চারা রোপণের পর সার ও কীটনাশক প্রয়োগ এবং নিবিড় পরিচর্যার মধ্য দিয়ে দীর্ঘ অপেক্ষার পর আসে কাঙ্ক্ষিত ফসল ঘরে তোলার সময়। মাঠের ধান সোনালি রং ধারণ করলে তাঁদের মন আনন্দে ভরে ওঠে। নতুন ধান ঘরে তোলার পরপরই বাড়িতে বাড়িতে শুরু হয় নবান্নের উৎসব। নতুন চালের পিঠা-পায়েস তৈরি করে আত্মীয়স্বজনকে আপ্যায়ন করা এ অঞ্চলের দীর্ঘদিনের ঐতিহ্য। পরিবারের সারা বছরের খাবারের জন্য ধান রেখে অবশিষ্ট অংশ বাজারে বিক্রি করে সংসারের অন্যান্য খরচ মেটান তাঁরা। তবে এই আনন্দের আড়ালেও রয়েছে উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তা।
কৃষক আব্দুল কাদের মোল্লা, নাজমুল আলম, আব্দুল খালেক, আরশেদ আলী ও আব্দুস সামাদসহ অনেকে জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের ফলন বেশ ভালো হয়েছে। কিন্তু মৌসুমের শুরু থেকেই সার ও কীটনাশকের দাম ছিল বেশি। এর ওপর প্রয়োজনের সময় বাজারে এসব উপকরণের সংকট তৈরি হওয়ায় বাড়তি দামে কিনতে হয়েছে। এতে বিঘাপ্রতি উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। ফলে বাম্পার ফলন হলেও কাঙ্ক্ষিত লাভ পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এমনকি লোকসানের আশঙ্কাও করছেন তাঁরা।
টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশেক পারভেজ মাঠপর্যায়ের হালনাগাদ তথ্যের বরাত দিয়ে জানান, ইতোমধ্যে জেলার মোট আবাদকৃত জমির ২০ শতাংশের ধান কাটা সম্পন্ন হয়েছে। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবং পুরো ধান কাটা শেষ হলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
ঢাকা/এসএস





















