ইবিটাইমস ডেস্ক : দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে। এ নিয়ে টানা পাঁচ দফায় ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে কমেছে ১২ হাজার ৭২ টাকা।
শনিবার (১৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের কথা জানায় বাজুস। সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। আগের দিন এই দাম ছিল ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৫০০ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ২১৬ টাকা।
এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) ভরিতে ২ হাজার ১১৫ টাকা কমিয়েছিল বাজুস। ওই দিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।
এ ছাড়া ১২ নভেম্বর ভরিতে ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল।
ঢাকা/এসএস






















