ইবিটাইমস ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বাংলাদেশে ফিরতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ।
শনিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।

শেখ হাসিনার আপিলের সুযোগ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আপিলের নির্ধারিত সময় পার হয়ে গেলে বিলম্ব মওকুফের কোনো আইনি সুযোগ নেই। বিশেষ আইনেই এ ধরনের সুযোগ রাখা হয়নি। এ সময় সংবিধানের ৪৭(৩) অনুচ্ছেদ এবং ১৯৭৩ সালের সংশোধনীর বিষয়টিও তুলে ধরেন তিনি।
শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে বিবিসির একটি প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, তা সম্পন্ন করা হয়েছে। ভারত সরকার এ বিষয়ে কী সিদ্ধান্ত নেবে, সেটি তাদের বিষয়।
শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়ে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি ভারত সরকারই বলতে পারবে।

এদিকে, গত ১৬-১৭ বছরে দেশের বিভিন্ন জেলায় সংঘটিত গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে দায়ের করা মিথ্যা মামলার তদন্তের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান আইনমন্ত্রী। তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি ও দমনের উদ্দেশ্যে এসব অপরাধ সংঘটিত হয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত দল যৌথভাবে বিভিন্ন জেলায় তদন্ত কার্যক্রম পরিচালনা করবে।
আইনমন্ত্রী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে জাতির কাছে সব মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, তদন্ত দল ও প্রসিকিউশন স্বাধীনভাবে কাজ করবে। তাদের কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। তদন্তের প্রয়োজনে সরকার সব ধরনের সহযোগিতা দেবে।
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি জানান, এ বিষয়েও তদন্ত সংস্থা ও প্রসিকিউশন স্বাধীনভাবে কাজ করবে। সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি সরকার পর্যালোচনা করছে।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১৭ নভেম্বর ২০২৫ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে তাদের সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়। পরে চলতি বছরের ১৩ জানুয়ারি মামলার ৪৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। এ মামলার অপর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হওয়ায় পাঁচ বছরের কারাদণ্ড পান।
ঢাকা/এসএস





















