ইবিটাইমস ডেস্ক : শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলার সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, জিরানী ও জামগড়া এলাকায় দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

এ ছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, ভোগড়া বাইপাস, গাছা, সালনা, নাওজোর ও কাশিমপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন রয়েছেন তারা।
বিজিবি জানায়, স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন সদস্যরা।
এদিকে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইম্প্রোভাইজড ডিভাইসের লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।
ঢাকা/এসএস






















