জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রী ও তিন বছরের সন্তানকে মারধরের অভিযোগ উঠেছে স্বামী মো. আরিফের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত স্ত্রী ছালমা (২৬) বর্তমানে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত স্বামী।
ঘটনাটি ঘটেছে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সরু হাওলাদার বাড়িতে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে একই এলাকার আউলিয়া বাড়ির কামরুলের ছেলে মো. আরিফের (৩৫) সঙ্গে সরু হাওলাদার বাড়ির দিল মোহাম্মদের মেয়ে ছালমার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় ছালমার পরিবার নগদ দেড় লাখ টাকা যৌতুক দেয় বলে দাবি করেছেন ভুক্তভোগী। তাদের সংসারে তিন বছর বয়সী একটি ছেলে রয়েছে।

ছালমার অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ দিতেন এবং টাকা দিতে অস্বীকৃতি জানালে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। স্বামী চট্টগ্রামে পোশাক কারখানায় চাকরি করার সময়ও বাবার কাছ থেকে কয়েক দফায় টাকা এনে দিয়েছেন তিনি। টাকা দিতে না চাইলে সংসারের খরচ বন্ধ করে দেওয়া হতো। এমনকি একবার ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টাও করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
ছালমা আরও জানান, স্বামীর নির্যাতন বেড়ে যাওয়ায় একপর্যায়ে স্থানীয় সাবেক চেয়ারম্যানের সহায়তায় বাবার বাড়িতে চলে আসেন তিনি। সেখানে প্রায় আড়াই বছর থাকার পর স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে আবার স্বামীর বাড়িতে যান। তবে তিন মাস পর বাবার বাড়িতে বেড়াতে আসার পর স্বামী বিভিন্ন অজুহাতে আবারও টাকা চাইতে থাকেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে যোগাযোগ বন্ধ করে দেন।
ভুক্তভোগীর দাবি, গত শুক্রবার (১৩ নভেম্বর) রাতে কোনো পূর্ববার্তা ছাড়াই আরিফ শ্বশুরবাড়িতে আসেন। এ সময় তাদের তিন বছরের ছেলেকে মারধরের চেষ্টা করলে ছেলেকে রক্ষা করতে এগিয়ে যান ছালমা। তখন আরিফ তাকে ব্যাপক মারধর করেন এবং সন্তানকে মেরে ফেলার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।

তার চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে এসে মা ও শিশুকে উদ্ধার করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে সকালে ছালমার বাবা তাকে লালমোহন হাসপাতালে ভর্তি করেন।
ছালমা বলেন, স্বামীর নির্যাতনে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শরীরের বিভিন্ন স্থানে ব্যথা হচ্ছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর উপযুক্ত বিচার দাবি করেন তিনি।
এ বিষয়ে ছালমার বাবা দিল মোহাম্মদ বলেন, মেয়ের ওপর নির্যাতনের বিষয়টি স্থানীয় সাবেক চেয়ারম্যানকে আগেও জানানো হয়েছিল। তিনি সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করলেও অভিযুক্ত আরিফ উপস্থিত না হওয়ায় বিচার করা সম্ভব হয়নি। মেয়ে সুস্থ হলে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে মো. আরিফ বলেন, শুক্রবার (১৩ নভেম্বর) তিনি ওই বাড়িতে যাননি। এর আগে ছেলেকে আনতে গেলে পরিবারের সদস্যরা তাকে ছেলেকে নিতে দেননি। ছেলের হাত ধরে টানাটানির কারণে সে ভয় পেয়ে থাকতে পারে। তিনি কখনো যৌতুক দাবি করেননি বলেও দাবি করেন। তবে বিয়ের আগে মোটরসাইকেল দেওয়ার কথা ছিল এবং এ জন্য শ্বশুরবাড়ি থেকে এক লাখ ৪০ হাজার টাকা পেয়েছিলেন বলে জানান তিনি।
আরিফের দাবি, তিনি সংসার টিকিয়ে রাখার চেষ্টা করছেন। তবে স্ত্রী তার বাড়িতে থাকতে চান না, বাবার বাড়িতে থাকতে চান, এ বিষয়টি নিয়েই মূলত তাদের মধ্যে বিরোধ চলছে।
ঢাকা/এসএস





















