জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে মো. আব্দুল জলিল (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর আপন বড় ভাই মো. সহিদ (৬৬)-এর বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত সহিদকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকার মনু মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজের সুপারি বাগান থেকে সুপারি পাড়তে যান আব্দুল জলিল। এ সময় তাঁর বড় ভাই মো. সহিদ সুপারি পাড়তে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি ও গালাগালি শুরু হয়।
একপর্যায়ে সহিদ তাঁর ছোট ভাই জলিলের গলা সুপারি গাছের সঙ্গে চেপে ধরেন বলে অভিযোগ রয়েছে। এতে শ্বাসরোধ হয়ে আব্দুল জলিলের মৃত্যু হয়।

নিহত আব্দুল জলিল ও অভিযুক্ত মো. সহিদ দুজনই মৃত মনু মিয়ার ছেলে। তাঁরা লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকার মনু মিয়া বাড়ির বাসিন্দা।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।
লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ভোলা পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা/এসএস





















