ভিয়েনা ১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেলদুয়ারে সেতুর অভাবে দুর্ভোগে তিন ইউনিয়নের হাজারো মানুষ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২২ সময় দেখুন

দেলদুয়ারে সেতুর অভাবে দুর্ভোগে তিন ইউনিয়নের হাজারো মানুষ

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল  : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় তিন ইউনিয়নের হাজারো মানুষের যাতায়াতের দুর্ভোগ যেন শেষই হচ্ছে না। আতিয়া, দেলদুয়ার ও পাথরাইল ইউনিয়নের সংযোগস্থলে অবস্থিত ‘পরেশ সাধুর দহ’-এর ওপর দীর্ঘদিনেও নির্মিত হয়নি কোনো স্থায়ী সেতু। ফলে দুই পাশে পাকা সড়ক থাকলেও মাঝখানে নড়বড়ে বাঁশের সাঁকোই এখন এলাকাবাসীর চলাচলের একমাত্র ভরসা।

উপজেলার নান্দুরচক বাজার ও পাথরাইল ইউনিয়নের টেঘুরি এলাকার মধ্যবর্তী স্থানে অবস্থিত এই দহের কারণে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

সরেজমিনে দেখা যায়, গাদতলা-টেঘুরি সড়কের দুই পাশে পাকা রাস্তা থাকলেও পরেশ সাধুর দহের ওপর সেতু না থাকায় যানবাহন চলাচল করতে পারছে না। কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কটির কার্যকারিতা অনেকটাই নষ্ট হয়ে গেছে। বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দাদের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পারাপার করতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় প্রচুর কৃষিপণ্য উৎপাদিত হলেও সেতুর অভাবে কৃষকরা সময়মতো তাঁদের উৎপাদিত ফসল বাজারে নিতে পারেন না। এতে পরিবহন খরচ বাড়ার পাশাপাশি ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন তাঁরা।

শুধু কৃষিকাজ নয়, জরুরি চিকিৎসাসেবার ক্ষেত্রেও এই সেতুর অভাব বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কেউ অসুস্থ হলে কিংবা অন্তঃসত্ত্বা নারীকে দ্রুত হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে বাঁশের সাঁকো পার হওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এতে রোগীদের সময়মতো হাসপাতালে পৌঁছানো নিয়ে উদ্বেগে থাকতে হয় স্বজনদের।

এলাকাবাসী জানান, এই অঞ্চল থেকে টাঙ্গাইল জেলা সদরে যেতে হলে বিকল্প সড়ক ব্যবহার করে প্রায় ৩০ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরতে হয়। এতে প্রায় এক থেকে দেড় ঘণ্টা অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে। বাড়ছে যাতায়াত ও পণ্য পরিবহনের খরচও। তাঁদের দাবি, পরেশ সাধুর দহের ওপর একটি সেতু নির্মাণ করা হলে জেলা সদরের সঙ্গে যোগাযোগ অনেক সহজ ও সময়সাশ্রয়ী হবে।

নান্দুরিয়া গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন বলেন, “দীর্ঘদিন আগে গাদতলা-টেঘুরি সড়কটি পাকা করা হয়েছে। আমরা ভেবেছিলাম এবার আমাদের দুর্ভোগ কমবে। কিন্তু পরেশ সাধুর দহে সেতু না থাকায় এই সড়কে কোনো যানবাহন চলাচল করতে পারে না। একান্ত প্রয়োজনে শুধু পায়ে হেঁটে চলাচল করতে হয়। আমরা দ্রুত এখানে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানাচ্ছি।”

জাঙ্গালিয়া গ্রামের সাগর মিয়া, মুকুল হোসেন ও আবেদ আলীসহ স্থানীয় অনেক বাসিন্দা জানান, নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা এই স্থানে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর আর কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায় না। বছরের পর বছর ধরে তাঁরা একই দুর্ভোগের শিকার হচ্ছেন। তাঁদের দাবি, প্রতিশ্রুতি নয়, এবার বাস্তবে সেতু নির্মাণের উদ্যোগ নিতে হবে।

এলাকাবাসীর মতে, পরেশ সাধুর দহের ওপর একটি স্থায়ী সেতু নির্মিত হলে তিন ইউনিয়নের মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। কৃষিপণ্য পরিবহন সহজ হবে, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে এবং জরুরি চিকিৎসাসেবা গ্রহণেও সময় কম লাগবে।

এ বিষয়ে দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোহরা সুলতানা যূথী জানান, তিনি বিভিন্ন মাধ্যমে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি অনুধাবন করেছেন। অগ্রাধিকার ভিত্তিতে সেখানে সেতু নির্মাণের প্রকল্প গ্রহণে স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও জানান, দীর্ঘদিনের এই দুর্ভোগ বিবেচনায় নিয়ে দ্রুত প্রকল্প গ্রহণ, বাস্তবায়ন এবং সেতু অনুমোদনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিন ইউনিয়নের হাজারো মানুষের এখন একটাই প্রত্যাশা—পরেশ সাধুর দহের ওপর দ্রুত একটি টেকসই ও স্থায়ী সেতু নির্মাণ। দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে জনসাধারণের নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবে, এমনটাই আশা এলাকাবাসীর।

ঢাকা/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেলদুয়ারে সেতুর অভাবে দুর্ভোগে তিন ইউনিয়নের হাজারো মানুষ

আপডেটের সময় ১২:৪০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬