ইবিটাইমস ডেস্ক : ইউক্রেনজুড়ে রোববার রাশিয়ার চালানো বিভিন্ন হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, রাশিয়া যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার এক দিন পর এসব হামলা চালানো হয়। খবর এএফপির।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, গত এক সপ্তাহে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন এলাকায় প্রায় ৩ হাজার ৯০০টি ড্রোন, বিমান থেকে নিক্ষেপ করা বোমা ও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
ইউক্রেনের অভিযোগ, আসন্ন শীতের প্রস্তুতির মধ্যে রাশিয়া দেশটির বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি জানান, উত্তরাঞ্চলীয় শহর সুমিতে রুশ হামলায় একটি শিশু-কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোরীও রয়েছে।
জেলেনস্কি জানান, দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলে রাতের হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া কিয়েভে রুশ ড্রোন হামলায় একজন পুরুষ এবং ওডেসা অঞ্চলে চালানো হামলায় আরও একজন নিহত হয়েছেন।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, রাজধানীতে এক নারী ও ১৬ বছর বয়সী দুই কিশোর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
কিয়েভ প্রশাসনের তথ্য অনুযায়ী, হামলায় ১৬টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১২টি বাড়ি, একটি গুদাম ও একটি উৎপাদনকেন্দ্র রয়েছে।
ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপের জানান, রুশ হামলায় আবাসিক ভবন, একটি দোকান, একটি হোটেল, একটি চিকিৎসাকেন্দ্র এবং একটি শস্যগুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলার অভিযোগ
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, গত এক সপ্তাহে রাশিয়া ইউক্রেনের ওপর ২ হাজার ২০০টির বেশি হামলাকারী ড্রোন, প্রায় ১ হাজার ৬৫০টি বিমানবোমা এবং বিভিন্ন ধরনের ৩৮টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল বলে দাবি করেন তিনি।
জেলেনস্কির দাবি, সাম্প্রতিক হামলাগুলোর লক্ষ্য ছিল দেশের বিভিন্ন এলাকার দুটি কিন্ডারগার্টেন, দুটি স্কুল, আবাসিক ভবনসহ অন্যান্য বেসামরিক অবকাঠামো।
পরে দেওয়া এক বক্তব্যে জেলেনস্কি বলেন, রাশিয়া যদি সত্যিই যুদ্ধের উত্তেজনা কমাতে কোনো পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিত, তাহলে ‘শাহেদ ড্রোন দিয়ে এ ধরনের সন্ত্রাস চালানো হতো না।’
অন্যদিকে, মস্কোয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা কিয়েভে কিয়েভস্টার এবং ওমেগা টেলিকম নামে দুটি প্রতিষ্ঠানের ডেটা সেন্টারে হামলা চালিয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ওই প্রতিষ্ঠানগুলো ইউক্রেনের সামরিক বাহিনীকে বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছিল।
ঢাকা/এসএস




















