Graz এ বাংলাদেশি শিক্ষার্থীদের মিলন মেলা

ভিয়েনা ডেস্কঃ গতকাল ১৪ এপ্রিল অস্ট্রিয়ার Graz শহরে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩। প্রায় ৯৫ জন শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
Graz এর গ্রীনবক্স সেন্ট্রারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিয়েনার ২৩নং এর ডিস্ট্রিক্ট কাউন্সিলর মাহমুদুর রহমান (নয়ন)। তাঁর উপস্থিতি অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নয়ন চন্দ্র দাস, অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর নতুন আগত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়, যা তাদের মধ্যে আত্মীয়তার বন্ধনকে আরও দৃঢ় করে। প্রধান অতিথিকেও আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল একটি “ফেক নিউজ” বিষয়ক উপস্থাপনা, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এছাড়া একটি প্রাণবন্ত বিতর্ক পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা তাদের নিজস্ব মতামত বিনিময় করেন।
স্বল্প বিরতির পর পরিবেশিত হয় একটি সংক্ষিপ্ত নাট্য পরিবেশনা, যা ছিল মুল চমক এবং যা বাঙালি সংস্কৃতির ছোঁয়ায় দর্শকদের মুগ্ধ করে।
প্রধান অতিথি তার বক্তব্যে আয়োজকদের মধ্যে অন্যতম নয়ন চন্দ্র দাস, সামিউল ইসলাম সামি, গাজি সামিয়া টানজিন, রুহিয়াহ নাবিলাহ, মো. তৌহিদুল ইসলাম এবং রিজবান মুকিত সাথে বিশেষ আলোচনা করেন।
তিনি অস্ট্রিয়ায় অবস্থানরত শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন, যা উপস্থিত শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী ও অনুপ্রেরণামূলক ছিল।
অংশগ্রহণকারীরা জানান, এই আয়োজন শুধু নববর্ষ উদযাপনই নয়, বরং প্রবাসে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে একত্রে ধারণ করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আয়োজকরা সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার, যা অংশগ্রহণকারীদের জন্য ছিল বিশেষ আকর্ষণ।
কবির আহমেদ/ইবিটাইমস/এম আর



















