ইবিটাইমস ডেস্ক: সার্বিয়ায় সাধারণ মানুষের ওপরে আবারও বন্দুক হামলা হয়েছে। এতে আটজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
দেশটির রাজধানী বেলগ্রেড থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে একটি গ্রামের কাছে চলন্ত গাড়ি থেকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের মাধ্যমে গুলি চালায় হামলাকারী। দুষ্কৃতকারী পলাতক রয়েছে।
শুক্রবার সকালে সার্বিয়ার গণমাধ্যম জানায়, হামলার ঘটনাস্থলে ম্লাদেনোভাক ও দুবোনা গ্রামে পৌঁছেছে বিশেষ পুলিশ ফোর্স। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, বিভিন্ন চেকপয়েন্টে গাড়ি থামিয়ে বন্দুকধারীকে খুঁজে বের করার চেষ্টা করছেন পুলিশ কর্মকর্তারা। দুবোনার আশপাশের এলাকায় সন্দেহভাজন ব্যক্তির সন্ধানে একটি হেলিকপ্টার, ড্রোন এবং পুলিশের একাধিক টহল দল কাজ করেছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যায় দুবোনা এলাকার একটি পার্কে এক পুলিশ কর্মকর্তার সঙ্গে তর্কের পর ২০ বছর বয়সী ওই ব্যক্তি স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে লোকজনের ওপর গুলি চালাতে শুরু করেন। এরপর বন্দুকধারী মানুষের ওপর গুলি করার জন্য একটি গাড়ি দিয়ে অগ্রসর হতে থাকে। তার গুলিতে কমপক্ষে আটজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।
এদিকে, শুক্রবার ভোরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সার্বিয়ার স্বাস্থ্যমন্ত্রী ড্যানিকা গ্রুজিসিচ এবং নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধান আলেকসান্ডার ভুলিন।
এর আগে, গত বুধবার (৩ মে) একজন ১৩ বছর বয়সী কিশোর বেলগ্রেডে তার স্কুলে আটজন সহপাঠী এবং একজন নিরাপত্তারক্ষীকে গুলি করে হত্যা করে। এটি ছিল কয়েক বছরের মধ্যে সার্বিয়ায় সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা।
ডেস্ক/ইবিটাইমস/আরএস





















