জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলার হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখর পরিবেশে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার মধ্য দিয়ে তাদের উচ্চমাধ্যমিক শিক্ষাজীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়। নতুন স্বপ্ন, প্রত্যাশা ও ভবিষ্যৎ গড়ার প্রত্যয় নিয়ে অনুষ্ঠানে অংশ নেয় নবীন শিক্ষার্থীরা।
শনিবার সকালে প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব জাকির হোসেন বাচ্চু। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অতিথিরা। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, প্রযুক্তিগত দক্ষতা অর্জন, নৈতিক মূল্যবোধ চর্চা এবং সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসেন বাচ্চু বলেন, উচ্চমাধ্যমিক পর্যায় শিক্ষার্থীদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এ সময়ে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা ভবিষ্যৎ শিক্ষাজীবন এবং কর্মজীবনের ভিত্তি তৈরি করে। তাই ভালো ফলাফল অর্জনের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ বিকাশে শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। তবে প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। মোবাইল ফোনের অপ্রয়োজনীয় ব্যবহার কমিয়ে পড়াশোনা, বই পড়া এবং সহশিক্ষা কার্যক্রমে বেশি সময় দেওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের পরামর্শ দেন। সময়ের সঠিক ব্যবহার, নিয়মিত অধ্যয়ন ও আত্মবিশ্বাসের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন। প্রতিষ্ঠানটির প্রভাষক মুশফিকুর রহমান দীপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহযোগী অধ্যাপক ফেরদাউসুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম নোমান, সরকারি আব্দুল জব্বার কলেজের প্রভাষক মো. জাহিদ হোসেন জামশেদ এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জুনায়েদুল ইসলাম নয়নসহ আরও অনেকে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, একাদশ শ্রেণিতে পদার্পণ শিক্ষার্থীদের জীবনে নতুন অধ্যায়ের সূচনা। এ পর্যায়ে নিজেদের লক্ষ্য নির্ধারণ করে নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও শিক্ষকদের নির্দেশনা অনুসরণের মাধ্যমে এগিয়ে যেতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন নয়, বরং জ্ঞান, মানবিকতা, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলাও শিক্ষার্থীদের লক্ষ্য হওয়া উচিত।
তিনি নবীন শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের নিয়মকানুন মেনে চলা, শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রেখে নিজেদের মেধা ও যোগ্যতার পরিচয় দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। নতুন শিক্ষাজীবনের শুরুতে এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ, আত্মবিশ্বাস ও প্রতিষ্ঠানের প্রতি ইতিবাচক মনোভাব তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাসের মধ্য দিয়ে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নতুন শিক্ষাযাত্রা শুরু হলো। নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, প্রযুক্তিগত জ্ঞান ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে তারা ভবিষ্যতে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
ঢাকা/এসএস





















