জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের অভিযোগে চার জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযানে জব্দ করা পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাতে লালমোহন উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কচুয়াখালী এলাকার তৈলদ্দিনের ছেলে আলী আজগর (৪০), মোহাম্মদ আলীর ছেলে লোকমান হোসেন (৪০), তাইজুল ইসলামের ছেলে মো. জাহাঙ্গীর (৪০) এবং আবুল কালামের ছেলে মো. জাকির (৩৫)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত লালমোহন উপজেলার তেঁতুলিয়া নদীতে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের অভিযোগে ওই চার জেলেকে আটক করা হয়। অভিযানে পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ অভিযান ও কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে মৎস্য বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে। ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময়ে কেউ আইন অমান্য করে মাছ শিকারে নদীতে নামলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মা ইলিশের প্রজনন রক্ষা ও ইলিশের উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে তেঁতুলিয়া নদীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঢাকা/এসএস





















