ইবিটাইমস ডেস্ক : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে ইশরাক হোসেন এ খবরকে গুজব বলে দাবি করেছেন। এ বিষয়ে সরকারের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাক হোসেনকে ডেকে পাঠান বলে জানা গেছে। এরপর তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশিত হয়েছে। তবে এ তথ্যের আনুষ্ঠানিক সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়া এলাকায় আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেন ইশরাক হোসেন। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজনের হাতেও অস্ত্র দেখা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
ভাইরাল ভিডিওতে ইশরাককে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিতে দেখা যায়। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করলেও তা সরিয়ে নেন তিনি।
রোববার ইশরাক হোসেনের প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তার পাঠানো এক বিবৃতিতে প্রতিমন্ত্রী জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে গেন্ডারিয়ার বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা ও শিক্ষার্থীদের মধ্যে মাদকের বিস্তার নিয়ে অভিযোগ পেয়ে তিনি সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে অংশ নেন।
বিবৃতিতে ইশরাক দাবি করেন, অভিযানের সময় সম্ভাব্য হামলার আশঙ্কা এবং জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি ও তার সরকারি নিরাপত্তারক্ষীরা আত্মরক্ষার্থে অল্প সময়ের জন্য অস্ত্র উঁচিয়ে ধরেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর অস্ত্র যথাস্থানে রাখা হয় বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রীর দাবি, পরে পুলিশের উপস্থিতি ও সহযোগিতায় সন্দেহভাজন মাদকের আস্তানাগুলোতে যৌথ অভিযান চালানো হয়।
এদিকে, অস্ত্র প্রদর্শনের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে পুলিশ। তবে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবরটি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
ঢাকা/এসএস





















