ইবিটাইমস ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) এ হামলার তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও।
সংস্থাটির তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালী দিয়ে বেরিয়ে যাওয়ার সময় একটি ট্যাংকারের পেছনের অংশে অজ্ঞাত কোনো বস্তু আঘাত হানে। একই সময়ে অন্য একটি ট্যাংকারের ইঞ্জিনকক্ষেও আঘাত করা হয়। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হতো।
যুদ্ধ শুরুর পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল কার্যত বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির অনুমতি ছাড়া যেসব জাহাজ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করছে, সেগুলোর ওপর নিয়মিত হামলা চালানো হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, ইরানের পদক্ষেপের জবাবে দেশটির বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর সদস্যরা পাহারা দিচ্ছেন।
ঢাকা/এসএস





















