ইবিটাইমস ডেস্ক : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলের ক্ষমতা পাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি সংশোধিত ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালায় এ বিধান যুক্ত করা হয়েছে।
সংশোধিত বিধিমালার ৩২ নম্বর বিধির উপবিধি (১) ও (২)-এ এ বিষয়ে নতুন বিধান প্রতিস্থাপন করা হয়েছে।

উপবিধি (১) অনুযায়ী, কোনো উৎস থেকে পাওয়া রেকর্ড বা লিখিত প্রতিবেদন পর্যালোচনা করে কমিশনের কাছে যদি প্রতীয়মান হয় যে, চেয়ারম্যান বা সদস্য পদে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী কিংবা তাঁর নির্বাচনি এজেন্ট আচরণবিধির কোনো বিধান লঙ্ঘন করেছেন বা লঙ্ঘনের চেষ্টা করেছেন, তাহলে কমিশন তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিতে পারবে।
অন্যদিকে, উপবিধি (২) অনুযায়ী, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর কমিশন যদি নিশ্চিত হয় যে, কোনো প্রার্থী, তাঁর নির্বাচনি এজেন্ট কিংবা তাঁদের নির্দেশে বা প্রত্যক্ষ-পরোক্ষ সম্মতিতে অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান আচরণবিধি লঙ্ঘন করেছেন বা লঙ্ঘনের চেষ্টা করেছেন, তাহলে লিখিত আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে।

অর্থাৎ, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্তে প্রমাণিত হলে শুধু সতর্কতা বা অন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থাই নয়, সরাসরি প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তও নিতে পারবে নির্বাচন কমিশন।
ঢাকা/এসএস





















