শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : ভোলার চরফ্যাশনে ১৯৭০ সালের ১২ নভেম্বরের ভয়াবহ ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস ঘোষণার পাশাপাশি উপকূলীয় মানুষের অধিকার ও জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বক্তারা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় চরফ্যাশন প্রেসক্লাবে এ সভার আয়োজন করে চরফ্যাশন প্রেসক্লাব।
প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কামাল মিয়াজীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক কামাল গোলদার, আবু সিদ্দিক, রাশেদা বেগম, আকতারুল আলম সামু, আমির হোসেন ও বিজেপি নেতা ছালাহ উদ্দিন মুরাদ। এ সময় ভার্চুয়ালি বক্তব্য দেন চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ।
বক্তারা বলেন, ১৯৭০ সালের ১২ নভেম্বরের ভয়াবহ ঘূর্ণিঝড় উপকূলীয় মানুষের জীবনে এক গভীর শোক ও বেদনাবিধুর ইতিহাস। এই বিপর্যয়ে নিহতদের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং উপকূলীয় মানুষের অধিকার প্রতিষ্ঠায় ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে উপকূল দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া প্রয়োজন।

তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উপকূলীয় অঞ্চল প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উপকূলীয় মানুষের নিরাপত্তা ও জীবন-জীবিকা রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করাও জরুরি।
সভায় উপস্থিত ছিলেন সংবাদ প্রতিনিধি জামাল মোল্লা, দৈনিক কালের কণ্ঠের কামরুল সিকদার, প্রেসক্লাবের প্রচার সম্পাদক অশোক সাহা, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি আনোয়ার পঞ্চায়েত এবং দৈনিক সময়ের আলোর সংবাদদাতা মো. ফাহিমসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভা থেকে ১২ নভেম্বরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে উপকূল দিবস ঘোষণা এবং উপকূলীয় মানুষের নিরাপত্তা, অধিকার ও জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানানো হয়।
ঢাকা/এসএস





















