বর্ষা আহমেদ বৃষ্টি : উন্নত জীবন আর স্থায়ী বসবাসের স্বপ্ন নিয়ে প্রায় ৩০ বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন কাজী আজিজুল হক খোকন (৫৮)। দিন-রাত পরিশ্রম করেছেন, দেশে থাকা পরিবারের জন্য পাঠিয়েছেন উপার্জনের সিংহভাগ। কিন্তু যে গ্রিনকার্ডের আশায় জীবনের দীর্ঘ সময় পার করলেন, সেই স্বপ্ন আর পূরণ হলো না। তিন দশকেরও বেশি সময় পর দেশে ফিরছেন তিনি, তবে জীবিত নয়, লাশ হয়ে।

গত ৩রা অক্টোবর কর্মস্থলে যাওয়ার পথে চলন্ত বাসে হৃদ্রোগে আক্রান্ত হন খোকন। বাসচালকের ফোন পেয়ে পুলিশ ও অ্যাম্বুলেন্স তাঁকে নিউইয়র্কের জ্যামাইকা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুর চার দিন পর, ৭ই অক্টোবর তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন স্বজন ও পরিচিতরা।
নিউইয়র্কের কুইন্সের রিচমন্ড হিলে বসবাস করতেন খোকন। কর্মস্থল ছিল জ্যাকসন হাইটসের পরিচিত প্রতিষ্ঠান ‘অবকাশ বুক কর্নার’। জীবনের দীর্ঘ সময় প্রবাসে কাটালেও গ্রিনকার্ড পাওয়ার স্বপ্ন পূরণ হয়নি তাঁর। বিয়েও করেননি। কঠোর পরিশ্রমে অর্জিত আয়ের সিংহভাগ পাঠাতেন মাগুরা জেলা সদরের বগিয়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামে থাকা মা-বাবা ও ভাই-বোনের কাছে। ফলে নিজের জন্য উল্লেখযোগ্য কোনো সঞ্চয়ও করতে পারেননি।
ঢাকা/এসএস






















