ইবিটাইমস ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনের জন্য ৬৮ প্রতিষ্ঠানকে চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (৮ আগস্ট) নির্বাচন কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইসি জানায়, গণবিজ্ঞপ্তির আলোকে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির আবেদনসমূহ যথাযথভাবে যাচাই-বাছাই শেষে এ সংক্রান্ত নীতিমালার ৪.৪ (ক) অনুচ্ছেদের আলোকে নিম্নবর্ণিত ৬৮টি প্রতিষ্ঠানের বিষয়ে কারো কোন দাবি/আপত্তি/অভিযোগ থাকলে তা বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের মধ্যে সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা বরাবর লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। আপত্তির শুনানি শেষে তা গ্রহণ বা বাতিল সম্পর্কে সিদ্ধান্ত প্রদান করা হবে। এ বিষয়ে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
জাতীয় নির্বাচনের আগে প্রতি পাঁচ বছর পর পর স্থানীয় পর্যবেক্ষকদের নিবন্ধন দিয়ে থাকে ইসি। ২০১৮ সালের সংসদ নির্বাচনের আগে ইসি ১১৮ স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছিল। এবার স্থানীয় পর্যবেক্ষকের সংখ্যা আগের তুলনায় অর্ধেকে নেমে এসেছে।
ডেস্ক/ইবিটাইমস/এনএল





















