নাহিদ আক্তার, বিনোদন ডেস্ক: বর্তমান সময়ের অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে শুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এ নিয়ে লিখিত অভিযোগ জমা পড়েছে ডিরেক্টরস গিল্ডে। এটি পূরণো ঘটনা। এখন নতুন করে সহশিল্পর বিরুদ্ধে অনৈতিক সুবিধা চাওয়ার অভিযোগ চমকের।
জানা গেছে, শুক্রবার (৪ আগস্ট) রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে ‘শ্বশুর বাড়িতে প্রথম দিন’ নাটকের শুট চলছিল। সময়মতো সেটে না আসায় ফোন করাতেই নাকি রেগে যান অভিনেত্রী চমক। এরপর বিভিন্ন সময় শুটিং সেটে ক্ষোভ ঝাড়েন তিনি। বিষয়টি নিয়ে ডিরেক্টরস গিল্ডের কাছে অভিযোগ দিয়েছেন নাটকটির নির্মাতা আদিব হাসান।
এ বিষয়ে অভিনেত্রী চমক গণমাধ্যমে বলেন, মূলত চক্রান্ত করেই তার বিরুদ্ধে কয়েকজন মিলে এই অভিযোগ এনেছেন। সেদিন আমি শুটিংয়ে দেরি করে আসিনি। ১১টায় শুটিং সেটে পৌঁছেছি। মেকআপ রুমে ১ ঘণ্টার মতো অপেক্ষা করেছি, এরপর আমার আরেক সহকর্মী আরশ খান আসেন। তাহলে আমি পরে এসেছি এটা কীভাবে বলেন। অভিনেতা আরশ খান ও নির্মাতা মিলে চক্রান্ত করে এটি ছড়াচ্ছে। কারণ, আরশ আমার খুব ভালো বন্ধু ছিল। একটা সময় বন্ধুর চেয়ে বেশি কিছু হতে চায় সে। যে কারণে আমাদের মাঝে দূরত্ব বাড়ে। সেই রাগ আর ক্ষোভ থেকেই তিনি এটা ছড়াচ্ছেন।
ঘটনার বিষয়ে নাটকটির নির্মাতা আদিব হাসান বলেন, ওই দিন শুটিং সেটে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সে বিষয়ে ডিরেক্টরস গিল্ডের কাছে অভিযোগ দিয়েছি। বিষয়টি সাংগঠনিকভাবে বিচারাধীন। তাই এ বিষয়ে এখন কিছু বলতে চাচ্ছি না।
এ বিষয়ে ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর বলেন, শুক্রবারের ঘটনা নিয়ে আমাদের কাছে লিখিত অভিযোগ এসেছে। ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘ মিলে আলোচনা করে বিষয়টি সমাধান করব।
উল্লেখ্য ঘটনার দিন একপর্যায়ে পুলিশে খবর দেন চমক। এ সময় কাঁদতে কাঁদতে তিনি অভিযোগ করেন, মাসুম বাশারসহ সেটের অনেকে তাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করলে সেখানে উপস্থিত হন অভিনয়শিল্পী সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন হাসান চুমকি। তিনি সবার সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এরপর শুটিং সেট থেকে চমককে নিয়ে চলে যান চুমকি। এ ঘটনায় বন্ধ হয়ে যায় শুটিং।
ডেস্ক/ইবিটাইমস/এনএল



























