শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : “সেবার আলো ঘরে ঘরে, নিরাপদ প্রসব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশন উপজেলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে নরমাল ডেলিভারি উৎসাহিত করতে জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ ভবনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হেলাল উদ্দিন টিপু, বিএনপি নেতা কয়সর আহাম্মদ কমল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ছালাউদ্দিন, বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি শহিদুল ইসলাম দুলাল, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, সাংবাদিক আমির হোসেন এবং মাইন উদ্দিন জমাদার।
এ সময় চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এফপিআই, এফডব্লিউভি, এফডব্লিউএ এবং মিডওয়াইফ সেবাদানকারীরা উপস্থিত থেকে নিজ নিজ কেন্দ্রের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন।
অনুষ্ঠানে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর প্রতিনিধি এবং পিআইচডির জেলা ব্যবস্থাপক জাকির হোসেন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গরিব ও দুস্থ গর্ভবতী মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরবরাহ করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে নরমাল ডেলিভারিকে আরও উৎসাহিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় নিরাপদ প্রসবসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস




















