ইবিটাইমস ডেস্ক : দিনাজপুরের কাহারোল উপজেলায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ৩৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে।
এ সময় মাইকেল রায় (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। বিজিবির দাবি, উদ্ধার হওয়া মূর্তিসহ জব্দ করা আলামতের মোট আনুমানিক মূল্য ৩৫ লাখ ১ হাজার ২০০ টাকা।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খ. আখলাকুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল পুলিশের সহযোগিতায় দিনাজপুরের কাহারোল উপজেলার সৈয়দপুর পানুয়াপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে স্থানীয় বাসিন্দা মাইকেল রায়কে আটক করা হয়।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তির কাছ থেকে ৩০ ইঞ্চি দৈর্ঘ্য ও ১৫ ইঞ্চি প্রস্থের ৩৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি বাটন মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তির আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা।
এ ঘটনায় বিজিবি বাদী হয়ে দিনাজপুরের কাহারোল থানায় মামলা দায়েরের কার্যক্রম শুরু করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে এসব অপরাধ দমনে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বাহিনী।
ঢাকা/এসএস




















